
শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন ঘিরে রাজশাহীর মন্নুজান ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে মহানগরীর প্রতিমা বিসর্জনের অন্যতম বৃহত্তম স্থান মন্নুজান ঘাট পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রতিমা বিসর্জনে অংশগ্রহণকারী ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্ন যাতায়াত এবং স্বাচ্ছন্দ্যে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ কমিশনার। এ সময় ঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আরএমপি সূত্রে জানা গেছে, এবার রাজশাহী মহানগরীতে মোট ১০৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭০টিরও বেশি প্রতিমা মন্নুজান ঘাটে বিসর্জন দেওয়া হবে। বাকি প্রতিমাগুলো মহানগরীর বিভিন্ন ঘাট ও নিকটবর্তী জলাশয়ে বিসর্জন দেওয়া হবে। ঘাট পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), উপ-পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply