1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 4, 2026, 10:19 pm

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত : নতুন নেতৃত্বের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • 33 Time View
 দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। তবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতির ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই এ সিদ্ধান্ত আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই এ দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খাঁনের ছেলে উত্তীর্ণ হন। ছেলের সাফল্যের খবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে থাকা একজন নেতার ছেলের এইচএসসি পাসের বিষয়টি সামনে আসায় সংগঠনের নেতৃত্ব, বয়স ও দীর্ঘদিন কমিটি বহাল থাকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খাঁন বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগের হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছি। ছেলে এবার এইচএসসিতে পাস করেছে, সেই আবেগ কি প্রকাশ করতে পারব না? বিগত ১৭ বছর ধরে ছাত্রদলের হাল ধরে রয়েছি।’ অন্যদিকে, কমিটি বিলুপ্তির পর প্রতিক্রিয়া জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে বিদায় প্রাণের সংগঠন ছাত্রদল থেকে। প্রায় তিন দশকের পথচলার অবসান ঘটলো।’
উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খাঁনকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিলো। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন জেলা কমিটি গঠন করা হয়নি। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর নিয়ে বিতর্কের পরপরই কমিটি বিলুপ্তির ঘোষণা আসায় স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রদলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে শুধু মেয়াদোত্তীর্ণ হওয়ার কথাই উল্লেখ করা হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কের সঙ্গে কমিটি বিলুপ্তির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost