1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:44 am

নেতানিয়াহুকে বাদ দিয়ে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • 19 Time View

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিয়েছে সরকার গঠনের প্রক্রিয়া। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পিছনে ফেলে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনের ফলাফলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের চেয়ে বিরোধী জোট পিছিয়ে থাকলেও সরকার গঠনের ক্ষেত্রে আইজেনকোটের প্রতি সমর্থন জানিয়েছেন কয়েকটি আরব রাজনৈতিক দল। এ পরিস্থিতিতে তাকে সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট। বিবিসির রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো সম্ভব। দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইজেনকোট বলেন, ‘এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সব করব।’ ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে কোনো দল এখন পর্যন্ত এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে সরকার গঠনের জন্য সাধারণত বিভিন্ন দলের মধ্যে জোট ও সমঝোতার প্রয়োজন হয়। নির্বাচনে নেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে গেছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব দলগুলো। ফলে নতুন সরকার গঠনে এসব দলের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইজেনকোটের বিরোধী জোট আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারলে সরকার গঠনের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। তবে আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনে এখনো অনাগ্রহ দেখাচ্ছেন তিনি। তার জোটের কয়েকটি ইহুদিবাদী দলও আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে একসঙ্গে সরকার গঠনের বিরোধিতা করছে। এ কারণে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিরোধী জোট। এদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতেই আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নেতানিয়াহু ও আইজেনকোট—উভয়কেই জানানো হয়েছে। প্রেসিডেন্টের বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন এসেছে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ আসনের প্রতিনিধিরা। উল্লেখ্য, ইসরায়েলের ১২০ সদস্যের নেসেটে সরকার গঠন করতে হলে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। ফলে আইজেনকোটের সামনে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত জোটের সমীকরণ ও রাজনৈতিক সমঝোতাই নির্ধারণ করবে দেশটির পরবর্তী সরকার কারা গঠন করবে। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost