
দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপনকে দায়ী করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, প্রয়োজনীয় জ্বালানি ও অর্থের সংস্থান বিবেচনা না করেই অতীতে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলে উৎপাদন সক্ষমতা বাড়লেও সেই অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। শুক্রবার (৬ নভেম্বর) সকালে চাটখিল বাজারে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সংকটের কারণ ও প্রেক্ষাপট তুলে ধরে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ ও ইমাম হোসেন টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, শ্রমিকদল নেতা তারেক আজিজ শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, সদস্য সচিব রাকিব হোসেন রাজ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিতরণ করা লিফলেটে বিদ্যুৎ খাতের অতীত পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা, ক্যাপাসিটি চার্জ, জ্বালানি সংকট, আর্থিক অনিয়ম এবং দেশে লোডশেডিংয়ের পটভূমি তুলে ধরা হয়। লিফলেট বিতরণ শেষে আয়োজিত পথসভায় ব্যারিস্টার খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানি সরবরাহ ও অর্থের সংস্থান যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হলেও জ্বালানি ও অর্থের অভাবে সেই সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়লেও প্রকৃত উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬ গুণ। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়েছে প্রায় ১৬ গুণ। একসময় দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় ৫ হাজার মেগাওয়াট, যা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। অথচ এই সক্ষমতার বড় একটি অংশ অব্যবহৃত থেকে যাচ্ছে বলে তিনি দাবি করেন। এ সময় তিনি বিদ্যুৎ সংকট মোকাবিলায় জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply