
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের ৮৬টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনসহ নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বুধবার (২১ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ৬৪টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২২টিসহ মোট ৮৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা। এর ফলে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন। এ সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।” বিজিবির গৃহীত নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply