
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পুকুরের পানিতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এদিকে, মঙ্গলবার বিকেল ৩টায় এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে জনসভাস্থলের পাশের পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে হাফ প্যান্ট ছিল। মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে এটি প্রাথমিক ধারণা মাত্র। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আরএমপির এই কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply