
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, দুটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাকিল সরকার (২৬), মো. রুহুল আমিন (৩৫), মো. রাশেদ মিয়া (৩০), মো. রবিউল প্রধান (৩৫), মো. সাজ্জু মিয়া (৫৩), মো. আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান (৪২), মো. শাহিন মিয়া (৩০) ও মো. মিরাজ মিয়া (২৬)। তাঁদের বাড়ি গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়। 
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাত সোয়া ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল সড়কে গাছ ফেলে যানবাহনের চলাচল বন্ধ করে দেয়। পরে চালক, সহকারী ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে মালামাল লুট করে। ঘটনার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে জেলা গোয়েন্দা পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানে ডাকাত চক্রের আট সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, ইনফিনিক্স, অপো, ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোবাইল ফোন, একটি ম্যাক্সটেল বাটন ফোন, একটি চাপাতি ও একটি ছুরি। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এ ডাকাতির ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply