1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 12, 2026, 1:06 am

রাজশাহীর পদ্মায় ‘সোনার তরী’ জাহাজের চলাচল বন্ধের নির্দেশ

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : বুধবার, নভেম্বর ১১, ২০২৬
  • 28 Time View

রাজশাহীর পদ্মা নদীতে নোঙর করে রাখা পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’কে ঘিরে উঠেছে নানা অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। পর্যটনের আড়ালে অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশার সুযোগ করে দেওয়ার অভিযোগের পর জাহাজটিতে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ অনুমোদন না থাকায় আপাতত জাহাজটির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাহাজটির প্রয়োজনীয় কাগজপত্র, পরিচালনাব্যবস্থা এবং বিভিন্ন অনিয়মের বিষয় খতিয়ে দেখা হয়। অভিযান সূত্রে জানা যায়, জাহাজটি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও হালনাগাদ নথিপত্র কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারেনি সংশ্লিষ্টরা। এমনকি জাহাজের চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায়নি। পাশাপাশি জাহাজ চলাচলের প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ পর্যটন কার্যক্রমের আড়ালে জাহাজটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। বিভিন্ন প্যাকেজের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করা হতো। জানা গেছে, বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাবলিক প্যাকেজের মূল্য ছিল ৮০০ টাকা এবং ফ্যামিলি প্যাকেজের মূল্য ১ হাজার ৮০০ টাকা। অন্যদিকে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদিনের জন্য পাবলিক প্যাকেজের মূল্য ১ হাজার ৮০০ টাকা এবং ফ্যামিলি প্যাকেজের মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এসব প্যাকেজের আড়ালে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের একান্তে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হতো। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অভিযান শেষে জাহাজ কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রশাসন। বিআইডব্লিউটিএর বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জাহাজ পরিচালনা করা যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে বৈধ পরিচয় ও দাম্পত্য সম্পর্কের প্রমাণ ছাড়া কোনো যুগলকে স্বামী-স্ত্রী পরিচয়ে কেবিন ব্যবহারের সুযোগ না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল জানান, পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কিংবা নিয়মবহির্ভূত ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপাতত জাহাজটির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিআইডব্লিউটিএর সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ বলেন, জাহাজের চালকের লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় নথিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলাচল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমতি নেওয়ার পরই জাহাজটি পুনরায় চলাচল করতে পারবে। অন্যদিকে, অভিযোগ ও অভিযানের বিষয়ে বক্তব্য জানতে ‘সোনার তরী’ জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost