
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের পরিত্যক্ত পুরাতন ভবনটি নিলামে না দেওয়ায় একের পর এক চুরি হচ্ছে ভবনের জানালা-দরজাসহ বিভিন্ন মালামাল। অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ভবনটির দেখভালের যেন কেউ নেই। জানা গেছে, ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের জায়গায় সরকার নতুন ভবন নির্মাণ করে। নির্মাণকাজ শেষে কয়েক বছর আগে নতুন ভবনটি উদ্বোধন করা হয়। বর্তমানে সেখানেই সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরপর দিনাজপুর গণপূর্ত বিভাগ পুরাতন ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত তা নিলামে বিক্রির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের জানালা-দরজা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল একের পর এক চুরি হয়ে যাচ্ছে। এমনকি কিছু অসাধু ব্যক্তি ভবনের দেয়াল ভেঙে ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ভবনটি দ্রুত নিলামে বিক্রি করা হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতো। পাশাপাশি সরকারি সম্পদ চুরি ও অপচয়ের হাত থেকেও রক্ষা পেত। এ অবস্থায় ভবনটি নিলামে না দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। বিষয়টি দিনাজপুর গণপূর্ত বিভাগের নজরে এসেছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা। স্থানীয় সুধীজন সরকারি সম্পদ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিত্যক্ত ভবনটি নিলামে বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply