
দিনাজপুরের বিরামপুরে পৈতৃক জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী ইদ্রিস আলী (৬৮)। শুধু ধান কাটাই নয়, তাঁর জমির ১৩টি ইউক্যালিপটাস গাছও কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে। ভুক্তভোগী ইদ্রিস আলী মৃত রিয়াজ উদ্দীনের ছেলে। বিরামপুর থানায় গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কানোচগাড়ী মৌজার ১৭৮ নম্বর দাগে মোট ১ একর ১৬ শতক জমির মধ্যে ৮০ শতক জমি পৈতৃক সূত্রে পেয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে চাষাবাদ ও ভোগদখল করে আসছেন তিনি। চলতি আমন মৌসুমেও ওই জমিতে ধান চাষ করেন। অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর জমির ধান কাটার সময় একই গ্রামের হাচেন আলী (৫৬), তাঁর ছেলে মহাসিন আলী (৫০), মহাসিনের দুই ছেলে মুন্না (২৭) ও নাঈম (২২), মকলেছ (৫৫), তাঁর দুই ছেলে উজ্জ্বল (২৫) ও সাদো (২২) দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা ধান কাটতে শুরু করলে ইদ্রিস আলী বাধা দেন। এতে তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে নিরুপায় হয়ে ইদ্রিস আলী বিরামপুর থানায় অভিযোগ করেন। তবে অভিযোগ করার পরও পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় প্রতিপক্ষরা তাঁর ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায় বলে দাবি তাঁর। একই সঙ্গে জমিতে থাকা ১৩টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইদ্রিস আলীর দাবি, জমি নিয়ে বিরোধের ঘটনায় তিনি দিনাজপুরের বিজ্ঞ আদালতে মামলা করেছিলেন। ওই মামলায় ২০১৩ সালের ২৩ অক্টোবর অতিরিক্ত দায়রা জজ আদালত তাঁর পক্ষে রায় দেন। প্রতিপক্ষ হাচেন আলী ১ একর ১৬ শতক জমির মধ্যে দুইজনের অংশ ক্রয় করলেও তাঁর পুরো ৮০ শতক জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর আরও অভিযোগ, তিনি বারবার ওই জমিতে ধান চাষ করলেও প্রতিপক্ষরা লোকজন নিয়ে এসে ধান কেটে নিয়ে যায়। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এ বিষয়ে বিরামপুর থানার এসআই নুরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। তবে অন্য কাজের কারণে সেখানে যেতে পারিনি।” ইদ্রিস আলী বলেন, থানায় অভিযোগ দিয়েও কোনো সুবিচার পাননি। অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষরা বারবার তাঁর ক্ষতিসাধন করছে। এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply