দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ ও মিনাপুর বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একজনকে আটক করা হয়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ভারতীয় ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য (আরসি কাফ) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
Leave a Reply