‘যাদের কিছু নেই-যাদের কেউ নেই-তাদের সাথে আমরা’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এলআরডি), ঢাকার সহযোগিতায় ইচ্ছা প্রকল্পের আওতায় জনসংগঠনের উপকারভোগী সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. সুকুম। স্বাগত বক্তব্য দেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু। মূল ধারণাপত্র উপস্থাপন করেন সিডিএ’র ফিল্ড ফ্যাসিলিটেটর অলোকা রায়। আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা, চেহেলগাজী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সারোয়ার পারভেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির আলী, ইউপি সদস্য মোছা. আয়শা সিদ্দিকা ও ইউপি সদস্য মো. সমাজ উদ্দিন।এ সময় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী মো. জাহেদুর রহমান এবং অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক জহিরুল ইসলাম। বক্তারা বলেন, সমবায়ের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতা, সাম্য, ন্যায়বিচার ও অর্থনৈতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই সাধারণ মানুষের মধ্যে সমবায়ের আদর্শ ও গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। তারা আরও বলেন, প্রান্তিক সমবায়ীদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে কৃষি ব্যাংকে সমবায়ীদের জন্য বিশেষ উইন্ডো বা সেবা চালু করা প্রয়োজন। পাশাপাশি সমবায়ীদের স্বার্থ সুরক্ষায় একটি স্বাধীন কমিশন গঠনেরও দাবি জানান বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিএ’র ফিল্ড ফ্যাসিলিটেটর তামান্না খাতুন।
Leave a Reply