
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থিত নেতা তাফসির আহমেদ মল্লিক লালকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে এলাকাবাসী। বুধবার (৬ মে) বিকেলে তাকে জনপ্রতিনিধিত্ব থেকে প্রত্যাখ্যান করে এবং পরিষদে অবিলম্বে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইউনিয়নবাসী ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল এলাকা ছেড়ে পালিয়ে যান। দীর্ঘ সময় পরিষদে তার অনুপস্থিতির কারণে নাগরিক সেবা ও জরুরি প্রশাসনিক কাজ অচল হয়ে পড়ে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তখন প্রশাসক নিয়োগ দিলে ইউনিয়নে কিছুটা স্বস্তি ফিরে আসে।
বক্তারা আরও বলেন, “যে ব্যক্তি সংকটের সময় জনগণকে ফেলে পালিয়ে যায়, সে কোনোভাবেই জনগণের প্রতিনিধি হতে পারে না। এখন হঠাৎ করে আদালতের দোহাই দিয়ে পুনরায় চেয়ারে বসার চেষ্টা জনগণের সাথে প্রতারণার শামিল।” তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খাসকররা ইউনিয়ন পরিষদকে কোনোভাবেই বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। অবিলম্বে প্রশাসক পুনর্বহাল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু ফরিদুল ইসলাম ফরিদ, আসলাম হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাব আলী, উপজেলা যুবদলের সদস্য শাফায়েত হোসেন, যুবদল নেতা শামীম রেজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ ও সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব। এছাড়াও ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন আলম ও শামিম আহাম্মেদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply