
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে দামুড়হুদার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন- দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) এবং দামুড়হুদা মন্দিরপাড়ার রবিন জেলের ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে আসছিলেন শাহীন আলী। দামুড়হুদা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহীন আলী নিহত হন। একই ঘটনায় আহত হন ফিরোজ হোসেন, জনি আহমেদ ও নিষ্কলঙ্ক। পরে আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply