
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে শেখপাড়ার একটি গলিতে বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বরে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সম্পৃক্ততা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দেয়ালে লেখা এসব স্লোগান। স্থানীয়দের অভিযোগ, গতকাল বুধবার বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী জন্মদিন উদ্যাপন করতে ওই গলিতে যায়। পরে তারাই দেয়ালে রাজনৈতিক স্লোগানগুলো লেখে। বিষয়টি জানাজানি হলে সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলা হয়। সরেজমিনে দেখা যায়, শেখপাড়ার ওই গলির একটি বসতবাড়ির প্রাচীরে কালো ও সাদা রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ লেখা ছিল। এসব স্লোগান আওয়ামী লীগ ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বুধবার দিনের বেলায় স্কুলের ছাত্রীরা এসে দেয়ালে এসব স্লোগান লিখেছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, বিষয়টি জানার পর জেলা প্রশাসককে জানিয়েছি। পরে তাঁর নির্দেশে বিদ্যালয়ের কর্মচারীদের মাধ্যমে লেখাগুলো মুছে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করা গেছে। তারা কেন এমন কাজ করেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি পাওয়া গেছে। কারও নির্দেশনা বা প্ররোচনায় তারা দেয়ালে এসব স্লোগান লিখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply