
রাজশাহীর বাঘা উপজেলায় বিদেশি ও দেশি নামীদামি ব্র্যান্ডের নামে নকল ফুড সাপ্লিমেন্ট (ভিটামিন ও ওষুধ) তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। অভিযান চালিয়ে প্রায় দুই ট্রাক নকল ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া আরও তিন ট্রাক ওষুধ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার তেঁথুলিয়া মাঠ এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাজশাহী জেলার তত্ত্বাবধায়ক মেহেদী আফজাল উপস্থিত ছিলেন। অভিযানে বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে তৈরি বিপুল পরিমাণ নকল ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়। এসব পণ্যের কোনো কোনোটির বোতলে যুক্তরাজ্যে উৎপাদনের তথ্য ও ময়মনসিংহের ভালুকায় অবস্থিত বিতরণকারী প্রতিষ্ঠানের নাম লেখা ছিল। আবার কোনো বোতলে জাপানি কোম্পানির নাম ব্যবহার করে উৎপাদনের স্থানে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়েছে। সহকারী কমিশনার নুসরাত জাহান জানান, জব্দ করা নকল ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। অভিযানে আটক নয়জনের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করে কারখানাটি সিলগালা করা হয়েছে। তিনি আরও জানান, কারখানার মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নুসরাত জাহান বলেন, বনানী থানার পুলিশ ‘কারকুমা’ নামের একটি পণ্যের সূত্র ধরে কারখানাটির সন্ধান পায়। পরে সেখানে অভিযান চালিয়ে নকল ‘কারকুমা’ পণ্যগুলো জব্দ করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আধাপাকা ওই কারখানাটি বাইরে থেকে সব সময় তালাবদ্ধ রাখা হতো। তবে পেছনের একটি দরজা দিয়ে লোকজন কারখানার ভেতরে প্রবেশ করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে নাটোরের রেজাউল করিম মাসিক আট হাজার টাকা ভাড়ায় বাড়িটি নেন। বাড়ির মালিকের কাছে তিনি ‘নাটোর ভেষজ মার্ট’ নামের একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের ফটোকপি জমা দিয়েছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply