‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এ লীগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম দেলোয়ার হোসেন মুকুল এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব একেএম মাহবুবুল আলম। লীগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ এনামুল হক আকন্দ লিটন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আল হেলাল একাদশ ও পাঁচবাগ বাগানবাড়ি ক্রীড়া চক্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আল হেলাল একাদশকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় পাঁচবাগ বাগানবাড়ি ক্রীড়া চক্র। আয়োজকরা জানান, মাসব্যাপী এ ফুটবল লীগ চলবে। এর মাধ্যমে স্থানীয় ফুটবলারদের প্রতিভা বিকাশ ও খেলাধুলার প্রসারে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply