
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৭ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মিনাপুর, ডুংডুংগী ও মৌচোষা বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ ও ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ২০০ টাকা। শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকবে। কোনো চোরাকারবারি বা অপরাধীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply