
লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, লংমার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করা। কিন্তু ১১ দলীয় ঐক্যজোট যা করছে, তা লংমার্চ নয়, গাড়িমার্চ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে—লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটি দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’ মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা রোধে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন মন্ত্রী। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হচ্ছে। আশা করছি, চুয়াডাঙ্গাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এজন্য পুলিশ প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক থাকবে।’ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply