২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলেজটির পাসের হার ৯৪.৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী। এ বছর কলেজটি থেকে মোট ৩০৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯২ জন। ফলাফল প্রকাশের পর থেকেই কলেজ প্রাঙ্গণে শুরু হয় আনন্দ-উল্লাস। ভালো ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা ঢাকঢোল বাজিয়ে, আবির খেলে ও আনন্দ শোভাযাত্রা বের করে সাফল্য উদযাপন করে। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ভাগাভাগি করে নেয় আনন্দের মুহূর্ত। কয়েকজন কৃতী শিক্ষার্থী জানায়, শিক্ষকদের নিবিড় তদারকি, নিয়মিত ক্লাস ও পরীক্ষা এবং বাবা-মায়ের অনুপ্রেরণা তাদের এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি কলেজের সুন্দর শিক্ষার পরিবেশও ভালো ফলাফলে সহায়ক হয়েছে।শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই প্রতিবছরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেও কলেজ কর্তৃপক্ষ সমানভাবে গুরুত্ব দিয়ে আসছে। উল্লেখ্য, দিনাজপুরের অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এবারের ফলাফলও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
Leave a Reply