
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার সনি ব্রিকস ও দোয়েল ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলায় সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে অবৈধ ইটভাটা চালানো হচ্ছে। এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। পরিবেশ অধিদপ্তর থেকে অবৈধ ইটভাটার মালিকদের চিঠি দিয়ে সতর্কও করা হয়েছিল। কিন্তু আইন অমান্য করে তাঁরা ইটভাটা পরিচালনা করে যাচ্ছিলেন। আজ দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সনি ব্রিকসে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। পরে দুধপাতিলায় অবৈধভাবে দোয়েল ইটভাটা পরিচালনা করায় সেটির বিভিন্ন স্থাপনাও ভেঙে দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অমান্য করে যেসব ইটভাটা চলছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply