
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবন, পরিবহন ও বহনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে সাত দিন করে এবং অপরজনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ির লেমুছড়ি এলাকার আবু তাহেরের ছেলে রফিক আহমদ ও নুরুল হকের ছেলে আমানুল হক। তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, কক্সবাজারের রামু উপজেলার তিতারপাড়া গ্রামের জালাল আহমেদের ছেলে আতাউল করিম ভুট্টোকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকমুক্ত নাইক্ষ্যংছড়ি গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এ জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে, প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বিত মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন বাসিন্দারা। তাঁদের মতে, সীমান্তবর্তী এ অঞ্চলে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply