
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, চুরি প্রতিরোধ ও শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান ইতু।সভায় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান খান, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আমিন কোম্পানি, উপজেলা জামায়াতের প্রতিনিধি ও সাবেক উপজেলা আমির রফিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী হামিদা চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, চুরি প্রতিরোধ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply