1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 11:46 pm

রাষ্ট্রপতি পদে শপথের অপেক্ষায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
  • 33 Time View

২০ আগস্ট ভোট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তার ওপরই আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে সরকারি দল বিএনপি। এরপরই তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সিনিয়র নেতারা। জাতীয় সংসদে সরকারি দলের দুই-তৃতীয়াংশ সংসদ-সদস্য থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তার শপথ গ্রহণ এখন শুধুই আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার মাত্র। তিনিই হতে যাচ্ছেন বঙ্গভবনের অধিপতি। সূত্র জানায়, দুপুরে তারেক রহমান যখন রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেন, তখন বিএনপির মহাসচিব আবেগপ্রবণ হয়ে পড়েন। তারেক রহমান তার হাত শক্ত করে ধরেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে বৃহস্পতিবার দুটি মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। এ পদে দুজন প্রার্থী থাকায় ৩৫ বছর পর ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে নিয়ম রক্ষার ভোটগ্রহণ হতে যাচ্ছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ-সদস্যের কাউকে ভোট দেওয়ার সুযোগ কম। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ-সদস্য পদ বাতিল হবে। ভোটের ব্যালটে ভোটদাতার নাম ও সই থাকে। ফলে সংসদ-সদস্যদের কে কোন প্রার্থীকে ভোট দেবেন, তা সহজেই চিহ্নিত করা যায়। এসব বিধানের কারণে সংসদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হবেন-এটাই নিশ্চিত।

সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী ছিল। ওই নির্বাচনে ৩৩০ সদস্যের সংসদে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আর আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট। ৬৬ জন ভোট দেননি। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩-এই সাতটি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমান জাতীয় সংসদে ৩৪৯ জন সংসদ-সদস্য রয়েছেন। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের সদস্য ২৫০ জন। জামায়াত নেতৃত্বাধীন জোটের ৯০ জন। আটজন স্বতন্ত্র এবং ইসলামী আন্দোলনের একজন এমপি রয়েছেন। রাষ্ট্রপতি পদে বিজয়ের জন্য ১৭৫ ভোট প্রয়োজন। তবুও এবার প্রতিদ্বন্দ্বিতা করছে সংসদে বিরোধী দলে থাকা জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ এ নির্বাচনে জয়ী হতে পারবেন না-তা নিশ্চিত জানার পরও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ১৯৯১ সালে বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনা ছিল। কারণ তখন বিএনপির আসন সংখ্যা কম ছিল। বর্তমানে সংসদে সেই সম্ভাবনা নেই। সে কারণে বিএনপি সেফ সাইডে আছে। এখানে জিতব কি হারব তা নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধী দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইসিতে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিদ্বন্দ্বিতা। বিরোধীদলীয় জোট থেকে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একে স্বাগত জানাই। মির্জা ফখরুলের ওপর আস্থা রাখলেন প্রধানমন্ত্রী : রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর আস্থা রাখলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের প্রার্থী হিসাবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেন সরকারপ্রধান। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন তারেক রহমান। মির্জা ফখরুলকে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তারেক রহমানের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost