
টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (১০ জুলাই) ভোর ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র প্রায় ৬ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার। অবিরাম বৃষ্টিতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। নিচু এলাকার অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েন। জেলার বিভিন্ন উপজেলার ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। অনেক পুকুর ও জলাশয়ের মাছ পানির স্রোতে ভেসে বাইরে চলে গেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তার পাশের মাটি ধসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভারী বৃষ্টিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রশাসন, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। দুপুর ২টার পর আকাশ কিছুটা মেঘমুক্ত হতে দেখা যায়। এ সময় বৃষ্টিপাত না থাকায় শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ধীরে ধীরে নামতে শুরু করে। তবে অনেক নিচু এলাকায় তখনও পানি জমে ছিল। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, শুক্রবার ভোর ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply