
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহ নামের এক বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতার করুণ মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের দংশনের শিকার হয়ে আজ রোববার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান তিনি। বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের এই সভাপতির আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্বারী শাফায়াত উল্লাহ যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে ক্বারী শাফায়াত উল্লাহ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকায় একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবক হিসেবে ক্বারী শাফায়াত উল্লাহর বেশ পরিচিতি ছিল। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সাপের কামড়ে মৃত্যুর এই ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত থানা পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply