
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দীঘান গ্রামের ডাঙ্গাপাড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আইনি সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় নাগরিকতা প্রকল্পের অধীনে এবং প্রকাশ প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুরের উদ্যোগে এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), দিনাজপুর ইউনিটের সহযোগিতায় এ লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী ও মূল পর্ব পরিচালনা করেন সিডিসির নির্বাহী পরিচালক ও সাংবাদিক যাদব চন্দ্র রায়। ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের স্টাফ ল’ইয়ার কোহিনুর চিশতি। এ সময় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে আইনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন অ্যাডভোকেট ফারজানা ফারহিন ইতু। প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর আইনি অধিকার বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী নারী ঐক্য মুক্তি মোর্চার সভাপতি শিউলি বারা এবং উঁরাওপাড়া মহিলা সমিতির সভাপতি শিবানি উঁরাও।
মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নাগরিক সমাজের নেতা জীবিত রায় সাধারণ মানুষের অধিকার ও এ বিষয়ে করণীয় তুলে ধরেন। দিনব্যাপী এ সচেতনতামূলক ক্যাম্পেইনে স্থানীয় ডাঙ্গাপাড়া ও আশপাশের এলাকার প্রায় ১৫০ জন নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের প্যারালিগ্যাল মো. আলিফ হোসেন ও জিসান মাহমুদ এবং সিডিসির কর্মসূচি সহকারী রুমি রায় ও মো. খোরশেদ আলম। বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া এবং তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply