
দিনাজপুরের খানসামা উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারজন সার ডিলারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন বিসিআইসি এবং দুজন বিএডিসির সার ডিলার রয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিভিন্ন অনিয়মের কারণে চারজন ডিলারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এতে কৃষকদের সার প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। স্থগিত হওয়া ডিলারদের বরাদ্দকৃত সার অন্য ডিলারদের মাধ্যমে উত্তোলন ও বিতরণ করা হবে। তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা সার কিনতে পারবেন। কৃষকদের সার সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ডিলারদের মধ্যে বিসিআইসির দুজন হলেন—টঙ্গুয়া বাজারের মেসার্স মোঃ আসাদুজ্জামান, যার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করা হয়েছে এবং পাকেরহাট এলাকার মেসার্স মহাদেব চন্দ্র চন্দ্র ট্রেডার্স, যার কার্যক্রমও এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।অন্যদিকে, বিএডিসির দুজন ডিলার হলেন—খানসামা বাজারের মেসার্স কুলসুম এন্ড সন্স, যার কার্যক্রম তিন মাসের জন্য এবং পাকেরহাট এলাকার রনি ট্রেডার্স, যার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। কৃষি কর্মকর্তা আশা প্রকাশ করেন, ডিলারদের কার্যক্রম স্থগিতের ফলে সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply