
বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬। শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এরপর নির্ধারিত কক্ষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে প্রিলিমিনারি রাউন্ডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাবিপ্রবির কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. বলরাম রায়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াডের সদস্য সচিব ড. ফাতিহা ফারহানা এমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইশরাত মাহমুদ সৌরভ ও হৈমন্তী রায় হিমু। বক্তারা বলেন, রসায়ন একটি মৌলিক ও বিস্ময়কর বিজ্ঞান। তরুণ প্রজন্মের কাছে এ বিষয়কে জনপ্রিয় করে তোলা এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে কেমিস্ট্রি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও বেশি উৎসাহিত করবে। লিখিত পরীক্ষা শেষে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। অলিম্পিয়াডটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায় এবং অলিম্পিয়াডের সদস্য সচিব ড. ফাতিহা ফারহানা এমি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply