
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কৃষিজমিতে পাওয়া গেল বিশাল আকৃতির বিষধর রাসেল ভাইপার। একটি গাড়ল ভেড়াকে কামড় দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় এক কৃষকের নজরে আসে সাপটি। পরে লাঠির আঘাতে আহত অবস্থায় সাপটিকে ধরে খাঁচায় আটকে রাখেন তিনি। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্সিপুর গ্রামের শিমুলতলা মাঠে সীমান্তের শূন্যরেখাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয় সাপটিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলতলা মাঠে একটি গাড়ল ভেড়াকে কামড় দেওয়ার চেষ্টা করছিল সাপটি। বিষয়টি দেখতে পেয়ে মুন্সিপুর গ্রামের কৃষক হাসান লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে আহত অবস্থায় ধরে ফেলেন। পরে সেটি একটি খাঁচায় রাখা হয়। বড় আকৃতির বিষধর সাপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি উপজেলা বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের ফরেস্ট গার্ড শাহাজামাল ওরফে রিপন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। জীবননগরের ডেপুটি রেঞ্জার শরিফুল ইসলাম কাজল সাপটিকে রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল ভাইপার অত্যন্ত বিষধর সাপ। এটিকে নিরাপদে অবমুক্ত করার জন্য খুলনা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষজ্ঞ দল এসে সাপটি নিয়ে সুন্দরবন এলাকায় অবমুক্ত করবে। শুক্রবার (৩০ অক্টোবর) এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) সুরেশ মিস্ত্রী জানান, প্রশিক্ষণসংক্রান্ত কাজে তিনি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। এ কারণে সাপটি উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply