
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১০১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহলদল বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা। শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান, সতর্ক টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিজিবি আরও জানায়, উদ্ধার করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে বিজিবি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply