1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 10:39 am

ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের দাম ভরিতে কমলো ৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • 33 Time View

ভ্যাট কাঠামোয় পরিবর্তনের ফলে দেশের বাজারে স্বর্ণালংকারের দাম ভরিতে ৯ হাজার ১৩ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভ্যাটসহ স্বর্ণালংকারের মূল্য নির্ধারণ করেছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ওই দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় স্বর্ণালংকারের বিক্রয়মূল্য দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। তবে নতুন বাজেটে সরকারের প্রস্তাব অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রতি ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের নতুন দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের দামের তুলনায় এতে ক্রেতাদের ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম খরচ হবে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। যেহেতু নতুন মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। সংগঠনটি আরও জানিয়েছে, রুপার অলংকারের ভ্যাট বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৪৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার; এর মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost