1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 10, 2026, 6:22 pm

ব্যক্তিগত কারণ দেখিয়ে এনসিপি ছাড়লেন জহিরুল ইসলাম

ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 30 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব মো. জহিরুল ইসলাম দলটির সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর এ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। তবে দল ছাড়ার পেছনে প্রকৃত কারণ কী, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান জহিরুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপি (রামগঞ্জ পৌর শাখা)-এর সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ তবে পদত্যাগের ঘোষণায় ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। দলীয় অভ্যন্তরীণ কোনো পরিস্থিতি বা অন্য কোনো বিষয় এ সিদ্ধান্তের পেছনে রয়েছে কি না, তা নিয়েও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মূলত বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের সন্তান। তাঁর বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে বিএনপির স্থানীয় কাউন্সিলে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের আন্দোলনের পর জহিরুল ইসলাম এনসিপিতে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২১ জানুয়ারি তাঁকে রামগঞ্জ পৌর এনসিপির সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘ব্যক্তিগত কারণের বাইরেও কিছু কারণ থাকে, যা আপনাকে পরে বলব।’ তাঁর এ বক্তব্যে পদত্যাগের পেছনে আরও কিছু কারণ থাকার ইঙ্গিত মিলেছে। তবে সেসব কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে, এ বিষয়ে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, ‘কী কারণে তিনি দল থেকে অব্যাহতি নিয়েছেন, তা আমার জানা নেই। তবে জাতীয় নির্বাচনের পর আমাদের সঙ্গে তাঁর তেমন একটা যোগাযোগ হয়নি।’ ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় সব পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এবং এর বাইরে আরও কিছু কারণ থাকার ইঙ্গিত—সব মিলিয়ে জহিরুল ইসলামের পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে পদত্যাগের প্রকৃত কারণ জানতে তাঁর পরবর্তী বক্তব্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost