
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার (৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বাজারের পূর্ব পাশে মোকছেদ চেয়ারম্যানের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে মার্কেটের ইলেকট্রিক ও অটো সার্ভিসের দোকানসহ পাশের আরেকটি দোকানের মালামাল পুড়ে যায়। একই সঙ্গে মার্কেটের মালিকের বসতবাড়ির তিনটি কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক ও অটো সার্ভিস ব্যবসায়ী এরশাদুল হক বলেন, ‘আমার দোকানে প্রায় ৮০ থেকে ৮৫ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের সব সম্বল শেষ হয়ে গেল। এত বড় ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব, তা বুঝতে পারছি না।’ অপর দোকানি রেজাউল ইসলাম বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’ বাড়ির মালিক সোহাগ মন্ডল বলেন, ‘আগুনে আমাদের তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। সেগুলো আর ব্যবহারের উপযোগী নেই। এতে আমাদের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ নবাবগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুসা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি দোকান ও বসতবাড়ির তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির মালামাল হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারটি। হঠাৎ এমন বিপর্যয়ে তাঁরা এখন আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply