1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 10, 2026, 6:18 pm

ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 17 Time View
Oplus_16908288

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বিরুদ্ধে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও শিশুটির হাতের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে আসেনি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও পরিবারের লোকজনের অংশগ্রহণে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার প্রায়ই শিক্ষার্থীদের শারীরিকভাবে শাস্তি দিতেন। তাঁর স্টিলের বেতের আঘাতে মেয়ে সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়। একপর্যায়ে হাতটি ফুলে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তিনি আরও বলেন, গত পাঁচ মাস ধরে সুমাইয়া কলম ধরতে ও লিখতে পারছে না। এমনকি নিজের হাতে খাবার খাওয়া ও জামাকাপড় পরার মতো স্বাভাবিক কাজও করতে পারছে না। বর্তমানে সে একজন অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার হাত পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, সুমাইয়ার ওপর নির্যাতনের ঘটনার প্রায় দুই মাস পর গত ১৬ সেপ্টেম্বর একই শিক্ষিকার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পেছনের অংশে বেত্রাঘাত করার অভিযোগ ওঠে। এ সময় সানজিদা নামের এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে কয়েকবার বমি করে। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল সরেজমিনে তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। তবে অভিযোগ দায়েরের পরও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরে ন্যায়বিচার দাবি করেন। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও পরিবারের লোকজন টিএন্ডটি মোড় এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা। সেখানে শিক্ষকের হাতে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হলে তা অত্যন্ত উদ্বেগজনক। একটি শিশুর স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও অভিযোগের যথাযথ নিষ্পত্তি না হওয়া দুঃখজনক। তাঁরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সহকারী শিক্ষিকা সেলিনা আখতার বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost