
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জের ধরে মঙ্গলবার ভোররাতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করেন। পরে তাঁরা থানায় খবর দেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply