চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় তাঁর ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে থেকে তাঁকে আটক করা হয়। স্থানটি সীমান্তের মেইন পিলার ৬৭ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। আটক মো. সেলিম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গয়েশপুর যাত্রীছাউনির সামনে সন্দেহভাজন হিসেবে সেলিমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় একটি ব্যাটারিচালিত অটোভ্যান। বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক ওজন ৫৭৬ গ্রাম। চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে স্বর্ণ পরীক্ষা শেষে এগুলোর জব্দমূল্য নির্ধারণ করা হবে। আটক সেলিমকে জীবননগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply