
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে চারটি মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম চরদরবীশ লমাঝাড়া পাড়ার মো. কালুর ছেলে মো. তালিপ (২০), পেকুয়া উপজেলার মিয়ারপাড়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে জয়ানল (৩৪), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পশ্চিম দৌলতপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে আবুল কালাম (৬৭), কক্সবাজারের রামু উপজেলার পানিরছড়া এলাকার মোহাম্মদ কাউছার (২৪), কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার মকবুল আহমেদের ছেলে মো. মিরাজ (২৫), টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দক্ষিণপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল আবছার (৩৩) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার নুরপুর গ্রামের মৃত আলমগীরের ছেলে মো. ইসমাইল মীর (২৪)। পুলিশ জানায়, মোবাইলে ভুয়া ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার ও কর্নেল পরিচয়ে গ্রান্টের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুটি মামলায় মোট তিনজন এবং শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন পরিচয় ও কৌশল ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply