
মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় পূর্বশত্রুতা ও বিয়ে–সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় স্মৃতি আক্তার (২৮) নামের এক নারীর ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাম হাতও গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হোটেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন হোটেল বাজার মোড় এলাকার সাইদুর রহমান (৫৬), তার স্ত্রী রেবেকা সুলতানা (৪২) ও মেয়ে স্মৃতি আক্তার (২৮)। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মেহেরপুরের মল্লিকপাড়ার বাসিন্দা ও হোটেল বাজার পাকুড়তলা মোড়ের ব্যবসায়ী শয়ন (৩০) গত ৯ আগস্ট স্মৃতি আক্তারকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন বলে অভিযোগ। পরে স্মৃতির পরিবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এতে ক্ষুব্ধ হন শয়ন। তিনি মল্লিকপাড়ার আবু তালেবের ছেলে। পরিবারের অভিযোগ, ওই ঘটনার জেরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শয়ন দেশীয় অস্ত্র নিয়ে সাইদুর রহমানের বাসায় ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তিনি এলোপাতাড়ি কোপাতে থাকেন। হামলায় স্মৃতির মাথা ও দুই হাতে গুরুতর জখম হয়। এতে তার ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাম হাতটিও গুরুতর জখম হয়ে ঝুলে আছে বলে পরিবারের সদস্যরা জানান। সাইদুর রহমানের বুক ও বাঁ হাতে এবং রেবেকা সুলতানার বুক ও ডান চোখে গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয় লোকজন ও মেহেরপুর সদর থানা-পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সোয়া দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply