ছিলেন ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। কিন্তু প্রিয় দলের সাম্প্রতিক ব্যর্থতায় হতাশ হয়ে অবশেষে প্রকাশ্যেই বদলে ফেললেন নিজের ফুটবল পরিচয়। দুই লিটার দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে, পুরোনো ব্রাজিলের জার্সি খুলে গায়ে তুললেন আর্জেন্টিনার জার্সি। শতশত দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নাম লেখালেন চুয়াডাঙ্গার এক তরুণ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লীগের হাফটাইমে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এ সময় শত শত নয়, হাজারো দর্শকের সামনে আর্জেন্টিনা সমর্থকেরা ওই তরুণকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। দল বদল করা ওই তরুণের নাম খালিদ মাহমুদ সুজন (৩০)। তিনি গাইদঘাট গ্রামের বাসিন্দা। সুজন বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলাম। কিন্তু সম্প্রতি তাদের খেলা আমাকে হতাশ করেছে। কারও চাপে নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর্জেন্টিনা যেভাবে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কামব্যাক করেছে, তা আমাকে মুগ্ধ করেছে। সারা বিশ্বে আর্জেন্টিনার বিপুল সমর্থক দেখে এবং মেসির খেলা ও দলের লড়াকু মানসিকতা আমাকে আকৃষ্ট করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। আজ থেকে আর সেভেন আপ নয়, স্পিড খাবো। আয়োজকদের একজন ও আর্জেন্টিনা সমর্থক রুবেল হাসান বলেন, সুজন নিজ থেকেই আমাদের কাছে আর্জেন্টিনার সমর্থক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আমরা তাকে স্বাগত জানাই। যেহেতু গাইদঘাট প্রিমিয়ার লীগ চলছে, তাই হাফটাইমে হাজারো দর্শকের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করি এবং আমাদের পক্ষ থেকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দিই। জার্সি বদলের পর মাঠজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা আতশবাজি ফোটান, মিষ্টি বিতরণ করেন এবং প্রিয় দলের পক্ষে স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply