1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 10, 2026, 7:22 pm

বীরগঞ্জে ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 27 Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫০ শয্যায় উন্নীত করা হলেও হাসপাতালটি এখনো ৩১ শয্যার জনবল কাঠামো দিয়েই পরিচালিত হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারীর অভাবে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী। তথ্যানুসন্ধানে জানা গেছে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। প্রায় ৩ লাখ ৫৬ হাজার ১৫২ জনসংখ্যা এবং ৮৭ হাজার ৮২৪টি পরিবারের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দীর্ঘদিনের জনবল সংকটে হাসপাতালটির চিকিৎসাসেবা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে ১৯৭৮ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল কাঠামো আগের অবস্থাতেই রয়ে গেছে। মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় বীরগঞ্জ ছাড়াও আশপাশের এলাকার রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে প্রতিদিন রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও কর্মচারীদের। হাসপাতালের জনবল সংকটের চিত্র আরও উদ্বেগজনক। ৩১ শয্যার হাসপাতালের জন্য ছয়টি এমএলএসএস পদ থাকলেও ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে একজন এমএলএসএসও নেই। নেই কোনো আয়া। ৩১ শয্যার জনবল কাঠামোর চারজন সুইপার বা পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতালের পরিচ্ছন্নতার কাজ। হাসপাতালের গাইনি চিকিৎসক নরমাল ডেলিভারিতে জাতীয় পুরস্কার পেলেও অ্যানেসথেসিয়া ও সার্জারি চিকিৎসক না থাকায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপারেশন থিয়েটার (ওটি) চালু ও ভালো অবস্থায় থাকলেও প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে গর্ভবতী মায়েদের সিজারিয়ান অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক রোগীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। যাতায়াতের ভোগান্তি ও সময়ক্ষেপণের কারণে অনেক রোগী স্থানীয় বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপও বাড়ছে রোগীদের। এ ছাড়া হাসপাতালে কোনো অর্থোপেডিক চিকিৎসক নেই। আল্ট্রাসনোগ্রাম মেশিনটিও নষ্ট হয়ে পড়ে রয়েছে। ফলে দুর্ঘটনায় আহত রোগীসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৫০ শয্যার হাসপাতাল ও ১০টি ইউনিয়ন সাব-সেন্টারের জন্য ১২ জন কনসালট্যান্টসহ মোট ৪৩ জন চিকিৎসক প্রয়োজন। সেখানে চিকিৎসক রয়েছেন মাত্র ১৩ জন। তাঁদের মধ্যে তিনজন প্রেষণে বা সংযুক্তিতে অন্য প্রতিষ্ঠানে কর্মরত। তৃতীয় শ্রেণির কর্মচারীর ৩৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন। শূন্য রয়েছে ১৩টি পদ। অন্যদিকে, ৫০ শয্যার হাসপাতালের জন্য পৃথক চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি হয়নি। ৩১ শয্যার কাঠামোর ২১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩ জন। শূন্য রয়েছে আটটি পদ। আরও জানা গেছে, ২০২৬ সালে অর্থোপেডিক চিকিৎসকসহ কয়েকজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁদের মধ্যে ৩০তম বিসিএসের চিকিৎসক মো. মনিরুল ইসলাম যোগদানের পর থেকে প্রেষণে দিনাজপুর জেনারেল হাসপাতালে কর্মরত রয়েছেন। একইভাবে ২০২৪ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়া ৩২তম বিসিএসের কার্ডিওলজি চিকিৎসক মো. মামুনুর রশিদ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে সংযুক্তির মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন। তাঁদের বেতন বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক ক্ষেত্রে রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামের আব্দুর রশিদ বলেন, ‘শ্বাসকষ্টের কারণে ভোরে আমার বাবাকে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছি না। বাধ্য হয়ে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।’ ভোগনগর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের শাহিনুর রহমান বলেন, ‘নরমাল ডেলিভারির জন্য আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছি। এখনো সন্তান প্রসব হয়নি, রোগী কষ্ট পাচ্ছে। শেষ পর্যন্ত হয়তো সিজারের জন্য বীরগঞ্জ শহরের কোনো ক্লিনিকে নিয়ে যেতে হবে।’ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হারুন অর রশিদ বলেন, আগে বহির্বিভাগে প্রতিদিন দুই থেকে আড়াইশ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হতো। বর্তমানে মহাসড়কের পাশে হওয়ায় রোগীর চাপ বেড়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ জনে দাঁড়িয়েছে। আগে হাসপাতালে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকতেন। বর্তমানে নিয়মিত ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকছেন। ফলে ৫০ শয্যার হাসপাতালে রোগীদের বেড সংকট দেখা দিচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় আহত রোগীসহ বিভিন্ন ধরনের রোগীও আসছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা জানান, হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ভালো রয়েছে। তবে আল্ট্রাসনোগ্রাম মেশিনটি নষ্ট। জনবল সংকটের পাশাপাশি কার্ডিওলজি, গাইনি, সার্জারি ও অর্থোপেডিক বিভাগের চিকিৎসক জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ অবস্থায় বীরগঞ্জের ভুক্তভোগী সাধারণ মানুষ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম মঞ্জুর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী নিয়োগের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক করা এবং প্রসূতি ও সার্জারি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By