
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এ.বি. মোড়ে অবস্থিত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ও সাফল্যে উত্তরবঙ্গ তথা দেশের অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। দক্ষ, অভিজ্ঞ ও বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জানা যায়, আধুনিক, বিজ্ঞানসম্মত ও গুণগত শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। বর্তমান ও আগামী প্রজন্মকে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সমান গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রথম স্থান অধিকার করে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থান অর্জনের গৌরবও অর্জন করে। শিক্ষার পরিসর বাড়াতে ২০১৪ সালে কলেজ শাখা চালু করা হয়। ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম ব্যাচ আশানুরূপ ফলাফল অর্জন করে। ২০১৭ সালে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিটি চূড়ান্ত পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এ ধারাবাহিকতায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের পরীক্ষাগুলোতেও ধারাবাহিকভাবে আশাব্যঞ্জক ফলাফল অর্জন করে আসছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। শুধু সাধারণ শিক্ষায় নয়, কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যেও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় ‘ডা. আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড সায়েন্সেস’। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তোলার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল শাহাবুদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর একসময় সার্বিক দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। একটি অঞ্চল ও তার জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রধান ভিত্তি হলো শিক্ষার মানোন্নয়ন। এ চিন্তা থেকেই নিজ এলাকার শিক্ষা, বাস্তব কর্মদক্ষতা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে চিরিরবন্দরে জন্ম নেওয়া অর্থোপেডিক বিশেষজ্ঞ ও দেশবরেণ্য শল্য চিকিৎসক অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন ২০০০ সালে প্রতিষ্ঠা করেন ‘এবি ফাউন্ডেশন’। তিনি আরও জানান, ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ২০০১ সালে প্রতিষ্ঠা করা হয় আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। পরবর্তী সময়ে শিক্ষার পরিসর বৃদ্ধি এবং যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয় আমেনা-বাকী কলেজ ও ডা. আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট। এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো দক্ষ ও শিক্ষিত জনশক্তি গড়ে তুলে দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধ করা এবং বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রাখা। অধ্যক্ষের মতে, ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা এবং আন্তরিক পাঠদানের ফলেই শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বজায় রেখে প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply