নরসিংদীর বেলাবো উপজেলায় অসহায়, দুস্থ ও কর্মজীবী নারীদের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঢেউটিন, নগদ অর্থ, মানবিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলাবো উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী সোনিয়া বেগম। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন এতে সভাপতিত্ব করেন। বিতরণ কার্যক্রমের আওতায় ২০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৫৬টি অসহায় পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিনের পাশাপাশি প্রত্যেককে ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ৯০ জন প্রান্তিক, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব এবং বেলাবো উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারগুলোর আবাসন সংকট নিরসন এবং প্রান্তিক নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে সেলাই মেশিন প্রাপ্ত ২০০ জন নারী ঘরে বসেই স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
Leave a Reply