নোয়াখালীর চাটখিলে ফিতা ও কেক কেটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “সোহাগ ল’ চেম্বার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা এবং নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আইন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আজিজ সুপার মার্কেটে দোয়া, মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চেম্বারের কার্যক্রম শুরু হয়।
চাটখিল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বদলকোট ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সভাপতি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল এবং সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন ও মহিউদ্দিন তপাদার, নোয়াখালীস্থ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ও বদলকোট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল সুমন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ ও ফখরুদ্দিন ফিরোজ, ডাক্তার মোহাম্মদ আলী, ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, জেলা ওলামা দলের সদস্য ও চাটখিল উপজেলা ওলামাদলের সদস্য সচিব প্রার্থী মাওলানা শাহজাহান মাসুদ, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব হাজী মাসুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান রাজ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহাগ ল’ চেম্বার চাটখিলের সাধারণ মানুষের আইনি সেবার একটি বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে। তিনি আরও বলেন, “আইন শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার একটি মহান দায়িত্ব। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘোরে, তখন আইনজীবীদের কাছে এসেই তারা ভরসা পায়। সেই ভরসার জায়গাটা যেন আমরা কখনো নষ্ট না করি। আমি আশা করব, এখান থেকে গরিব, অসহায় ও বঞ্চিত মানুষ সঠিক পরামর্শ ও ন্যায়বিচার পাবে। টাকার জন্য নয়, মানুষের সেবার জন্য আইন পেশাকে ব্যবহার করতে হবে।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না, আর আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী সমাজকেই সৎ ও সাহসের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিশেষে তিনি ‘সোহাগ ল’ চেম্বারের সার্বিক সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটি যেন মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
Leave a Reply