
নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন হাফেজ মাওলানা কাজী ফয়সাল আহাম্মেদ। তিনি বাজনাব ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক এবং বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন কাজী ফয়সাল আহাম্মেদ। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর রাখছেন বলে জানা গেছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে হাফেজ মাওলানা কাজী ফয়সাল আহাম্মেদ বলেন, “বাজনাব ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।” এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেলে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। তবে বাজনাব ইউনিয়নে বিএনপির চূড়ান্ত মনোনয়ন কে পাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতির ওপর নির্ভর করছে চেয়ারম্যান পদে প্রার্থিতার চূড়ান্ত হিসাব-নিকাশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply