
চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচ দিন নিখোঁজ থাকার পর চান্দ আলী (৫৫) ওরফে চান মিঞা নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চান্দ আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একই সঙ্গে নিখোঁজ ছিল তাঁর ব্যাটারিচালিত ভ্যানটিও। সোমবার সকালে স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছাকাছি কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিধেয় পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা মরদেহটি চান্দ আলীর বলে শনাক্ত করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন পচাগলা লাশটি উদ্ধার করেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ভ্যান ছিনতাই নাকি অন্য কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply