লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেয়েছে রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। এ ছাড়া নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সে। গত ৩০ সেপ্টেম্বর বুধবার রামগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শারিফুল্লাহ আশ শামসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আয়েশা আক্তার জানায়, এ অর্জন তার আনন্দ ও গর্বের। এ পথচলায় যারা তাকে ভালোবেসে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের সবার প্রতি সে কৃতজ্ঞ। আয়েশার এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বড় ভাই সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং মাদ্রাসার সুপার, গভর্নিং বডির দাতা সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। মাদ্রাসার সুপার মুহাম্মদ শামছুল আলম বলেন, সবার সম্মিলিত সহযোগিতা, সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতার কারণে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে সাফল্য অর্জন করতে পারছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়-অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলচর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।আয়েশার সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, তার মেধা, পরিশ্রম ও নিয়মানুবর্তিতা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে একজন মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আয়েশার এ অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী করে তুলবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply