
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় এবং সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবীশ ও সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ অন্যরা। বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তাঁরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, “এখন পর্যন্ত জড়িত কেউ আটক হয়নি। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে।” নির্মলেন্দু সরকার বাবুল বলেন, সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে। যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন বলেন, “সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিক আলিফকে শহীদ হতে হয়, তাহলে আমরা প্রত্যেক সাংবাদিক শহীদ হব। তবুও সত্য প্রকাশ করে যাব।” তিনি আরও বলেন, চোরাচালানের সঙ্গে কারা জড়িত, তা পুলিশের জানা থাকার কথা। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। মানববন্ধন শেষে সাংবাদিকরা সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply