
পার্বত্য অঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। সোমবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণে উত্তীর্ণ ৪৮ জনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি। এ সময় জোনের জেডএসও মেজর মো. ইমরুল কায়েস, পিএসসিও উপস্থিত ছিলেন। জানা যায়, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার বেকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর লংগদু জোনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ারিং, মেকানিক্যাল ও রিপেয়ারিং এবং প্রাথমিক চিকিৎসা—এই চারটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply