1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 12, 2026, 4:35 pm

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, মে ১১, ২০২৬
  • 44 Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই সচিবালয় নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশসহ একাধিক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মূলত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে নতুন সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্তও জানিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বৈঠক করেন তিনি। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুভেন্দু লেখেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। সোমবার নবান্নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুপুর ১২টায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২৩ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। সাংবাদিক সম্মেলনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরে শুভেন্দু বলেন, সীমান্ত সুরক্ষার স্বার্থে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ জন্য ভূমি ও রাজস্ব দফতরের সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার অভিযোগ, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে, তা দেওয়া হবে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, নতুন সরকার “ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল” নীতিতে চলবে। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণা দেয় নতুন সরকার। শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আগের সরকার কেন্দ্রীয় সরকারের পাঠানো উজ্জ্বলা যোজনার ৮ লাখ ৬৫ হাজার আবেদন পাঠায়নি। নতুন সরকার তা দ্রুত পাঠাবে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো এবং জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর ভাষায়, নতুন সরকার ‘আমিত্বে’ নয়, ‘আমরা’ নীতিতে চলবে। জনগণের আস্থা ধরে রাখতে সরকার কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost